সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে এক শিবিরকর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আবদুল বাছিত নামের ওই শিবিরকর্মী কলেজের ইংরেজি অনার্স শেষ বর্ষের ছাত্র।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কলেজ ছাত্রলীগ নেতা সঞ্জয় চৌধুরী বলেন, ‘বাছিত শিবির ক্যাডার। এর আগে বিভিন্ন সময় কলেজে শিবিরের হামলায় সে অংশ নিয়েছে। তাই শনিবার তাকে কলেজে দেখে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা জড়ো হয়ে বাছিতকে মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘শিবিরকর্মী বাছিতকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। আগামী ১১ সেপ্টেম্বর তার পরীক্ষা। তাই কলেজের শিক্ষকদের খবর দেয়া হয়েছে তাদের জিম্মায় বাছিতকে ছাড়িয়ে নিতে।’

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই