ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্রলীগের মিটিংয়ে উপস্থিত না হওয়ায় রুম থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে। ওই হলের ১০৫ নম্বর কক্ষের শিক্ষার্থীদের রুম থেকে বের করে দিয়ে রুমে তালা লাগিয়ে দিয়েছেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিলা।
রুমে ঢুকতে না পারা শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে।
ওই হলের একাধিক শিক্ষার্থী জানান, রোববার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ। সমাবেশের বিষয়ে গতকাল শনিবার রাতে ওই হলের সব শিক্ষার্থীদের নিয়ে মিটিংয়ে বসেন হল সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু পরীক্ষার কারণে ১০৫ নম্বর রুমের শিক্ষার্থীরা ওই মিটিংয়ে উপস্থিত হতে পারেননি। এতেই ক্ষুব্ধ হয়েছেন হল শাখা ছাত্রলীগের নেত্রীরা। সকালে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিলার অনুসারিরা ওই রুমের শিক্ষার্থীদের রুম থেকে বের করে দিয়ে রুমে তালা লাগিয়ে দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কোনো কর্মসূচি থাকলেই হলের নেত্রীরা সাধারণ শিক্ষার্থীদের বাধ্য করেন কর্মসূচিতে যেতে।
প্রসঙ্গত, বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





