ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদে নবনির্মিত সাউথ ইস্ট ব্যাংকের বুথ ভাঙচুর করেছে বিশ্ববদ্যিালয়ের ছাত্রলীগের কর্মীরা।
বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৮টায় বুথ ভাংচুরের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাউথ ইস্ট ব্যাংকের বুথের সামনে রাত ৮টার দিকে আচমকা বিভিন্ন দিক থেকে প্রায় এক-দেড়শ ছাত্রলীগ কর্মী এসে জড়ো হয়। প্রথমে বুথের উপরে ১০-১২ জন ছাত্রলীগের কর্মী ওঠে। এরপর বাঁশ ও লাঠি দিয়ে সাইন বোর্ড ভেঙে দেয়। পরে নিচে নামলে সবাই মিলে বুথের সামনের কাঁচ ভাঙার চেষ্টা করে।
বুথের নিরাপত্তাকর্মী আরিফ জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই এক দেড়শ ছেলে এসে বুথে ভাঙচুর চালায়। নিষেধ করা সত্ত্বেও তারা কোনো কথা শোনেনি বলে জানান তিনি। এটিএম বুথ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা জড়িত বলে অভিযোগ করেছে অনুষদ কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, এরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকতুল ইসলামের ইশারায় এ ভাঙচুর চালিয়েছে। এরা সবাই তার অনুসারী। শওকতুল ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থী। কিছুদিন আগে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে শওকতুলের ঝামেলা হয়। ওই সময় শওকতুল ডিনকে দেখে নেবেন বলেও হুমকি দেন।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকতুল ইসলামের মুঠেফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. অধ্যাপক এ এম আমজাদ আলী বলেন, ভাঙচুরের বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]