রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে ছাত্রলীগের কলেজে শাখার সভাপতি শামীম আরা নিপা ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্তি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ইসরাত জাহান অর্তিও আহত হয়েছেন।
এ ঘটনায় শামীম আরা নিপা ও ইসরাত জাহান অর্তিকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি তলব করেছেন ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ।
জানা যায়, গত শনিবার রাতে কলেজের আয়েশা সিদ্দিকা হলে বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে ছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ২ ছাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্ষীরা জানান, এ ঘটনার জের ধরে আজ সোমবার সংঘর্ষ হয়েছে।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





