মুহিব্বুল আশিক নামের এক শিবির নেতাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করেছে সাদা পোষাকধারী র‌্যাবের একটি দল।
শনিবার আনুমানিক দুপুর দেড়টায় রাবি শহিদুল্লাহ কলাভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বিভাগের চুড়ান্ত পরীক্ষা দিয়ে শহিদুল্লাহ কলা ভবনের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল মুহিব্বুল আশিক। এ সময় সাদা পোশাকে কয়েকজন লোক এসে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।  
আটক মুহিব্বুল আশিকের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শিবিরের নেতা বলে জানা গেছে।
র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর সফিকুল ইসলাম ক্যাম্পাস থেকে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন। এসময় তিনি বলেন, গত ২৮ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ নেতার উপর হামলার ঘটনার মামলার ৪ নম্বর আসামি আশিক।
বিভিন্ন সময় ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীদের হাত-পায়ের রগ কাটার ঘটনায় সে জড়িত। তাই অনেক দিন ধরেই তাকে খোঁজা হচ্ছিলো। অবশেষে শনিবার তাকে কাজলা এলাকা থেকে আটক করা হয়েছে। র‌্যাব-৫ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা, ১০ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর