গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সারোয়ার জাহান সোহেলের (২৫) হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীরা।
বুধবার দুপুর ১২ টার দিকে কলেজের পাশে প্রশিকা মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শ্রীপুর উপজেলা যুবলীগের কমিটিকে অভিনন্দন জানানোকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহেলের সাথে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মামুনের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত মঙ্গলবার তাদের মধ্যে হাতাহাতিও হয়।
এর জের ধরে দুপুরে কলেজের পাশে প্রশিকা মোড়ে উপজেলা ছাত্রলীগের কিছু কর্মী সোহেলের ওপর হামলা চালিয়ে হাতের রগ কর্তন ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোহেলের বড় ভাই সাখাওয়াত হোসেন রিপন জানান, বিল্লাল মামুন ও তার সহযোগিরা ভাইকে কুপিয়ে আহত করেছে। তার বা হাতের রগ কাটা ছাড়াও পেটে ও পায়ে আঘাত রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উল কাদির জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





