ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০১৫ সনের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার জন্য কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ বা চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সনের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে বক্শী বাজারস্থ সরকারি মাদ্রাসা-ই-আলীয়া কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

যেহেতু পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর- III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই আদেশ আগামী ১৬ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

এমআর/এমকে