বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১৪ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) লাগাতার আন্দোলনের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
রবিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ৮ দিনের কর্মসূচি দেয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথম পর্যায়ে আগামী ২ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়; দ্বিতীয় পর্যায়ে স্থানীয় এলাকাবাসী ও সিলেটের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ এবং আগামী ১০ মার্চ ভিসি বরাবর স্মারকলিপি।
সকাল ৯টার দিকে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিল পরববর্তী সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়।
সাইফুল ইসলাম বলেন, এর পরেও যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় তাহলে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ছাত্র-ধর্মঘট, ক্যাম্পাস অবরোধ এবং সম্পূর্ণ সিলেট বিভাগে লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মোটর সাইকেলে অগ্নিসংযোগ, ভাস্কর্যের নামফলক ভাঙচুরের ঘটনায় শিবিরকে অভিযুক্ত করে সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১৪ জন নেতাকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]