খুনের হুমকি পেয়ে জিডি করেছেন খ্যাতিমান বলিউড পরিচালক মহেশ ভাট।
অভিযোগ, নাম না জানা এক ব্যক্তি মহেশকে ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছে, ৫০ লাখ টাকা না দিলে তার স্ত্রী সোনি রাজদান ও মেয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে গুলি করে মারবে সে।
জানা যায়, গত মাসের ২৬ তারিখ মহেশ ভাটের কাছে এক অজানা ব্যক্তির ফোন আসে। অভিযোগ, তার কাছে ৫০ লাখ টাকা দাবি করে সে। হুমকি দেয়, লখনউয়ের একটি ব্যাঙ্কের শাখায় ওই টাকা জমা না দিলে খুন করা হবে তার স্ত্রী সোনি ও মেয়ে আলিয়াকে।
মহেশ প্রথমে ওই ফোনে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু এরপর এসএমএস ও হোয়াটসঅ্যাপেও একই বার্তা আসে। প্রেরক দাবি করে, সে একজন গ্যাং লিডার।
দাবিমত টাকা না দিলে সোনি রাজদান ও আলিয়ার ওপর কয়েক রাউন্ড গুলি চালানোর হুমকি দেয় সে। এরপরেই মহেশ ভাট জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন।
মুম্বাই পুলিশ ভাট পরিবারের বিবৃতি রেকর্ড করেছে, বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা। ভারতের অ্যান্টি এক্সটরশন সেল বিষয়টির তদন্ত করছে। তবে এখনও গ্রেফতার হয়নি কেউ।
২ বছর আগে ২০১৪ সালের নভেম্বরেও ভাট পরিবারকে খুনের ছক কষার অভিযোগে ১৩জন গ্রেফতার হয়েছিল।(সূত্র-টাইমস অফ ইনডিয়া)
এমবি





