অনেক জল্পনা-কলপনা শেষে বিয়ের পিড়িতে বসলেন বলিউড কাপানো নায়িকা রানী মুখার্জি। ১৯৭৮ এর মার্চে জন্ম নেয়া এই নায়িকা গত একযুগেরও বেশি সময় ধরে দাপটের সাথে নিজের অবস্থান ধরে রেখেছেন। পর্দা কাপানো বলিউডের এই নায়িকার পাত্র আর কেউ নন, সেই আদিত্য চোপড়া। এবার তাদের চার হাত এক হলো।
সোমবার রাতে ইতালিতে ঘরোয়া অনুষ্ঠানে গোপনীয়তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তারা। শোনা যাচ্ছে, মুম্বাইতে ফিরে হবে বিয়ের রিসেপশন। সেখানেই আমন্ত্রণ জানানো হবে গোটা বলিউডকে। সংবাদমাধ্যম থেকে দূরে থাকতেই বিদেশে হলো এ বিয়ের অনুষ্ঠান।
ইয়াস-রাজ ফিল্ম থেকে সরবরাহ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে বলতে চাই, রানী মুখার্জি ২১ এপ্রিল রাতে ইতালিতে বিয়ে করেছেন। এই বিয়ের অনুষ্ঠানটি ছিল খুবই সাদামাটা। এতে তার পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।’
এই বাঙালি ললনা বলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো কুচ কুচ হোতা হে, ব্ল্যাক, নো ওয়ান কিলড জেসিকা প্রভৃতি। অন্যদিকে রানীর স্বামী আদিত্য চোপড়া বলিউডের সর্বকালের সেরা হিট সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর নির্মাতার ইয়াস রাজ-এর ছেলে।
গত বছর থেকেই শোনা যাচ্ছিল এই বছরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা। মনে করা হচ্ছিল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিন হতে চলেছে বিয়ে। অবশেষে এপ্রিলে ফুটল বিয়ের ফুল।
এর আগে বহুবার এসেছে রানী, আদিত্যের বিয়ের খবর। কিন্তু প্রতিবারই সেই খবর ভুয়া প্রমাণিত হয়েছে। কেমন হবে বহুপ্রতীক্ষিত এই বিয়ে? তা নিয়েও ছিল বহু জল্পনা। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে এল সেই দিন। বিয়ে করলেন আলোচিত এ জুটি।
সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]