বাদশা চলচ্চিত্রের শুটিং-এর জন্য ঢাকায় আসছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। আজ দুপুরের দিকে ঢাকায় আসবেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। শুটিংয়ের জন্য ঢাকায় এলেও এখানে জিৎ ঠিক কতদিন থাকবেন তা এখনও স্পষ্ট নয়।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির শুটিং ৩ মার্চ থেকে গাজীপুরে শুরু হয়েছে। এতে জিৎ-এর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাবা যাদব ও সীমান্ত।
বাদশা ছবির বিশেষ একটি চরিত্রে চিত্রনায়ক ফেরদৌসও অভিনয় করছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে ফেরদৌসের সঙ্গে এটিই তার প্রথম ছবি নয়। এর আগে কলকাতায় ফাইটার নামের আরও একটি ছবিতে জিৎ ও ফেরদৌসকে একসঙ্গে দেখা গেছে।
গত ৩ মার্চ জিতের ঢাকায় আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে আসেননি জিৎ। জিৎ এ ছবিতে অভিনয়ের জন্য এক কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন বলে জানা গেছে। তবে শেষ অবধি কত টাকা নিচ্ছেন সেটি এখনও অজানা সবার কাছে।
এমআইএস।





