ললিতা খ্যাত নাট্যনির্মাতা জুয়েল মাহমুদ আবারো প্রায় তিন বছর পর নতুন ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন। তার নির্মাণ চলতি ধারাবাহিকের নাম ‘দি পাবলিক’। নাটকটি রচনা করেছেন ফজলুল হক আকাশ। নাটকের মূল বিষয়বস্তু প্রসঙ্গে পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘শাসক এবং শোষিতের গল্প নিয়েই নির্মিত হচ্ছে আমার নতুন ধারাবাহিক নাটক ‘দি পাবলিক।’
এই ধারাবাহিক নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন তিন লাক্স চ্যানেল আই ফটোসুন্দরী। তিনজন হচ্ছেন বাঁধন, আলভী ও নাদিয়া মিম। তিনজন অভিনয় করছেন জলি, মলি ও লারা চরিত্রে। লারার দুই ফুফুর চরিত্রে অভিনয় করছেন জলি ও মলি অর্থাৎ বাঁধন ও আলভী।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘জুয়েল মাহমুদ ভাইয়ার নির্দেশনায় এর আগে আমি আকাশ মেঘে ঢাকা এবং ওয়ানওয়ে নামে দু’টি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। আমার মেয়ের বয়স তখন আট মাস। সেই সময়ে আমি জুয়েল মাহমুদ ভাইয়ের নির্দেশনায় আকাশ মেঘে ঢাকা ধারাবাহিকে অভিনয় করেই আবার কাজে ব্যস্ত হয়ে উঠি। যেহেতু আমার মেয়ের বয়স ছিল কম। কিন্তু আমাকে পরিচালক হিসেবে তিনি আন্তরিক সহযোগিতা করেছিলেন। তাই তার প্রতি আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। তার কারণেই আবার কাজে ফেরার আগ্রহ পেয়েছিলাম। তার নির্দেশনায় আবার কাজ করছি। খুব ভালো একটি গল্পের নাটক এটি।’
আলভী বলেন, ‘জুয়েল ভাইয়ের নির্দেশনায় এর আগে টাট্টু ঘোড়া নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। জুয়েল ভাই খুব যত্ন নিয়ে কাজ করেন। টিভি পর্দায় যখন তার কাজ প্রচার হয় তখন দর্শকের সাড়াই তা প্রমাণ করে। নতুন ধারাবাহিকটি আমাদের জীবনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে।
নাদিয়া মিম বলেন, ‘গল্প এবং আমার চরিত্র বেশ পছন্দ হয়েছে বলে দি পাবলিক ধারাবাহিকে কাজ করছি। সবার কাছে নির্মাতা সম্পর্কে বেশ ভালো জেনেছি কাজ করার আগেই। যে কারণে কাজটি বেশ আগ্রহ নিয়ে করছি এবং আমি খুব উপভোগ করছি শুটিংয়ের সময়টা।’
নির্মাতা জুয়েল মাহমুদ জানান, এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, রওনক হাসান, শ্যামল মাওলা, রোমানা স্বর্ণা প্রমুখ। চলতি বছরেই ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
জারিফ





