শনিবার সন্ধ্যায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতি চিত্রনায়ক শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। শাকিব বর্তমানে রয়েছেন পাবনায় শামীম আহমেদ রনির ‘রংবাজ'-এর সেটে। সেখান থেকে ফোনে কথা হয় তার সাথে।

আপনাকে বয়কট করার বিষয়ে বিভিন্ন সংগঠনের আহ্বানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কী বলবেন?

পরিচালক সমিতির মহাসচিব তার ক্ষমতা দেখাচ্ছেন। বদিউল আলম খোকন একজন অশ্লীল ছবির পরিচালক ছিলেন, তার নামে মামলা হয়েছিল। নিয়মিত হাজিরা দিতেন সে মামলায়, নিষিদ্ধ পরিচালক ছিলেন তিনি। সেখান থেকে তাকে শাকিব খানই বদিউল আলম খোকন বানিয়েছে। বাপ্পারাজ তার সাক্ষাৎকারে সে কথাই বলেছেন। আজ বাপ্পারাজসহ নায়ক ফারুক, বাপ্পি, পরিচালক কাজী হায়াত প্রতিবাদ জানাচ্ছেন। সমস্ত শিল্পী সমাজ প্রতিবাদ জানাচ্ছেন। সত্য কখনো গোপন থাকে না। আমার বিরুদ্ধে বিরাট চক্রান্ত হচ্ছে। আজ যদি ভেঙ্কটেশ ফোন করে বলেন, যা শুটিং হয়েছে ওখানে সব ফেলে দিয়ে এখানে শুটিং কর এখানকার ক্রু দিয়ে, সেটা কি ভাল হবে? এটা কি বাংলাদেশের জন্য লজ্জার হবে না? আমি দুইশ টেকনিশিয়ান নিয়েছি এখানকার। সেটা করলে তাদের পরিবারের রুটি-রুজিতে আঘাত করা হবে না?

আপনি তো শিল্পী সমিতির সভাপতি, আপনার সমিতির তরফ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিবাদ হবে কি?

সমস্ত শিল্পী সমাজ প্রতিবাদ করছেন। যাদেরই মানবতা আছে তারা সবাই প্রতিবাদ করছেন। তারা নায়ক ফারুকের কথা শুনছেন না। বাপ্পারাজ সত্য কথা বলেছেন, তাকে কি ব্যান করা হবে?

সংবাদ সম্মেলন করবেন কি?

অবশ্যই করব। আমাকে অনেক দিক থেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে – আইন-প্রশাসন সবকিছু দিয়ে। বিরাট চক্র তাদের সাথে কাজ করছে। আমি এ মাটিরই সন্তান, দেহে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাবো, মাথা পেতে নেব না।

কারা আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানির চেষ্টা করছে, তাদের কারো নাম বলবেন কি?

আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা কোন না কোন ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে।

উকিল নোটিশের জবাব কি দিয়েছেন?

উকিল নোটিশ নোটিশের মত যাবে। আমার ব্যারিস্টার সিদ্ধান্ত নেবেন তাদের বিরুদ্ধে মামলা করবেন কিনা।

কোন ব্যারিস্টার কাজ করছেন আপনার পক্ষে?

আমি তার নাম পরে জানাবো।

পরিচালক সমিতির মহাসচিব না হয় আপনার বিরুদ্ধে ছিলেন, কিন্তু বাকিরা?
সমিতির সভাপতি গুলজার আমাকে বলেছেন, শুটিং করতে, উনি সবকিছু ঠিক করে দিচ্ছেন। কিন্তু কি হল?

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়া কাউকে কি এ ঘটনায় দায়ী করবেন?

আমি কিছুই বলবো না। কিন্তু গত শুক্রবার সমিতির মিটিংয়ের জন্য আমি এফডিসিতে গেলে প্রচুর ডিবি পুলিশ ছিল। এটা সিনিয়র শিল্পীরা ভাল চোখে দেখেননি।

সর্বশেষ আপনি কী বলতে চান?

পূর্ণিমা ‘মনের মাঝে তুমি’ করে সব জায়গায় পরিচিতি পেয়েছেন। আমি এক ছবি করেছি। কলকাতায় অনেকেই ছবি করেছে, কে এত জনপ্রিয় হয়েছে? সালমান শাহ চলে গেছেন, আমি চলে গেলে ইন্ডাস্ট্রির খুব বেশি কি লাভ হবে? তাদের কাজ কি যারাই স্টার হবে তাদেরকে ব্যান করা? মেধাবী ও ভাল পরিচালক যারাই কাজ করবে তাদের ব্যান করা?