হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ (ইন্না লিল্লাহি…রাজিউন)। বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার দুপুরে দিকে হৃদরোগে আক্রান্ত হলে, তাঁকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান। বর্তমানে তিনি হাসপাতালে আছেন।

ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তাজিন আহমেদ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও জনপ্রিয়তা পান তিনি। নাট্যজগতে কাজের শুরুর দিকে তিনি আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় করেন। পরে টেলিভিশন নাটক করে খ্যাতি অর্জন করেন।

তবে গত কয়েক বছর টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তাজিন। তবে কিছুদিন আগে মঞ্চে আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেন তাজিন।

গত বছর নতুন রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে' (এনডিএম) যোগ দিয়েছিলেন তাজিন আহমেদ। দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদ পেয়েছিলেন তিনি।

এমআর