‘বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গীতিকার, সুস্থ্য সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুনের মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।‘
সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল এ শোক প্রকাশ করেন।
রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে সুস্থ্য সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন শেখ আবুল কাশেম মিঠুন। চলমান অপসাংস্কৃতির ভয়াল রাতের বিপরীতে দাঁড়িয়ে সুস্থ্য সাংস্কৃতির চর্চা ও প্রসারে তিনি অগ্রপথিকের ভূমিকা পালন করে আসছিলেন। বিশেষ করে কবি মতিউর রহমান মল্লিকের মৃত্যুর পর সুস্থ্য ও মননশীল ধারার সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
বিবৃতিতে দলটির সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের বৈরী বাতাসে লাগাম ধরে হাজারো লোভ-লালসার হাতছানিকে উপেক্ষা করে নিজের জীবনকেও গড়ে তুলেছিলেন শ্বাশত বিধানের আলোকেই। তার মৃত্যুতে জাতি একজন সাংস্কৃতিক আন্দোলনের পথপ্রদর্শককে হারালো। অপসাংস্কৃতির অপনোদন ও সুস্থ্য সাংস্কৃতির বিকাশে তার ভূমিকা জাতি আজীবন স্মরণে রাখবে।
নেতৃদ্বয় মরহুম শেখ আবুল কাশেম মিঠুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফিরাদউস দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সাংস্কৃতিক আন্দোলনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করেন।
এমকে





