ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা বাবরের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বাদ আসর বিএফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে এফডিসিতে বাবরের লাশ নিয়ে আসা হয়। এফডিসির ১৮টি সংগঠন ফুল দিয়ে মরদেহের প্রতি শ্রদ্ধা জানায়। বিকেল ৫টা ৪০ মিনিটে বাবরের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নায়ক ফারুক, ওমর সানি ও নীরব। প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, পরিচালক সোহানুর রহমান সোহান, পরিচালক শাহীন সুমনসহ শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দাপুটে খল অভিনেতা বাবর (৭৭) আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্প্রতি মস্তিষ্কের রক্তক্ষরণ (স্ট্রোক) হলে বাবরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি গ্যাংরিনের সমস্যায় ভুগছিলেন। গত ৯ জুন অপারেশন করে তাঁর বাঁ পা অপসারণ করা হয়েছিল। বাবরের বাঁ পায়ের তিনটি আঙুল গ্যাংরিনে আক্রান্ত ছিল।

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু হয় রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।

প্রায় এক যুগ আগে মনোয়ার হোসেন ডিপজলের ‘তেরো গুণ্ডা এক পাণ্ডা’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। বাবর ‘দাগী’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এছাড়া পরিচালনা করেছেন ‘দয়াবান’ চলচ্চিত্রটি। অসুস্থতার কারণে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি।

এএস