ফুটবলপ্রেমী শাকিরা তার বিখ্যাত গান 'লা লা লা (ব্রাজিল ২০১৪)' পরিবেশন করবেন বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে। আগামী ১৩ জুলাই ফাইনাল খেলার আগে থাকছে তার পরিবেশনা।

ব্রাজিলের রিও ডি জানেইরোর মারাকানা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে 'লা লা লা' গানে শাকিরার সঙ্গে গলা মেলাবেন ব্রাজিলিয়ান তারকা কারলিনহোস ব্রাউন। গত ২ জুলাই ফিফা এ তথ্য জানিয়েছে।

 ৩৭ বছর বয়সী শাকিরা বলেছেন, 'ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে 'লা লা লা' গানটি পরিবেশনের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। ফুটবলের সঙ্গে আমার সম্পর্ক নিবিড়। তাই আমার মতো অন্যদের কাছেও বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা কতটা বেশি তা বুঝতে পারি। আর আমাকে ছাড়া তো অনেকেই অনেক রকম থিম সং তৈরি করল। কিছুই তো হলো না। তাই আমি ছাড়া বিশ্বকাপ আসর অপূর্ণ থাকে।'

এর মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের সমাপনী পরিবেশনায় হ্যাটট্রিক করতে যাচ্ছেন শাকিরা। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের সমাপনী আয়োজনেও গেয়েছিলেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের পর্দা নামবে তার গানে গানে। কলম্বিয়ান এই পপতারকার আশা, তার দেশ ফাইনালে উঠবে।

 গত ১৪ জুন কলম্বিয়ার পতাকা নিয়ে সেলফি তুলে এক প্রচারণা শুরু করেন শাকিরা। ফুটবল-ভক্তদেরকে বিশ্বকাপে নিজ নিজ দেশের সমর্থনে পতাকানির্ভর সেলফি তুলে অনলাইনে দেওয়ার আহবান জানান তিনি। স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন শাকিরা। তাদের প্রেমের ফসল হিসেবে আছে এক ছেলে (মিলান)।

 বিশ্বকাপের সমাপনীতে বিখ্যাত গিটারশিল্পী কার্লোস সান্তানা, র‌্যাপপসংগীত শিল্পী ওয়াইক্লেফ জিন ও ব্রাজিলিয়ান গায়ক আলেক্সান্ড্রে পিরেস পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল অ্যান্থেম 'দার উম জেইতো'।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই