ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১০০-তে পৌঁছেছে। খবর বিবিসি ও আলজাজিরার।
ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার মুখে শুক্রবার বুরেজি এলাকায় একটি গাড়িতে থাকা দু’জন নিহতের মাধ্যমে মোট নিহতের সংখ্যা ১০০-তে পৌঁছায়। ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা জানানোর পাশাপাশি এ পর্যন্ত ৬৭৫ জন আহত হয়েছে বলেও জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত সোমবার থেকে চলা ওই অভিযানে এখন পর্যন্ত ১১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এদিকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত গাজা থেকে ৫৫০টি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এ ঘটনায় কোনো ইসরায়েলি নাগরিক নিহত হয়নি।
গাজার ১১০০ লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিছেই আদ্রায়ি।
নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫জনই শিশু।
এদিকে, ইসরাইল ও ফিলিস্তিন উভয় পক্ষের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘ মহাসচিবও ইসরাইলকে হামলা থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: বিবিসি ও আলজাজিরা
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ