আলজেরিয়ায় ভ্রমণকালে টিজি ওউজু এলাকা থেকে রোববার এক ফরাসি নাগরিক অপহৃত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ কথা নিশ্চিত করেছে।
ইসলামিক স্টেটবিরোধী (আইএস) যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটভুক্ত দেশের নাগরিককে হত্যা করার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
অনুসারীদের এমন নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টার ব্যবধানেই এই অপহরণের ঘটনা ঘটল।
উল্লেখ্য, আইএসবিরোধী মার্কিন জোটে আছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাদের নাগরিককে উদ্ধারে সবরকম চেষ্টা করা হচ্ছে। আলজেরীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
আলজেরিয়া সরকার ফ্রান্সকে এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও জানানো হয় বিবৃতিতে। তবে কে বা কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা তারা জানাতে পারেনি।
আলজেরীয় সরকারের সূত্রমতে, অপহৃত ওই ফরাসি নাগরিকের বয়স আনুমানিক ৫৫ বছর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





