পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধ ও দুটি পৃথক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫ সৈন্য ও ১৫ বন্দুকধারী নিহত হয়েছে।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের সাতটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্যতম ওরাকজাই জেলার শীরেন্দ্রা এলাকায় আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার্স কোরের (এফসি) একটি চেকপয়েন্টে সোমবার দিবাগত রাতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এক উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ৫০ জনেরও বেশি জঙ্গি চেকপয়েন্টে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে দুই সৈন্য ও ১৫ বন্দুকধারী নিহত হয় এবং ছয় সৈন্য আহত হয়।

তিনি বলেন, ফ্রন্টিয়ার্স কোরের সদস্যরা পাল্টা হামলা চালানোর পর বন্দুকধারীরা পালিয়ে যায়।

এদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু শহরে মঙ্গলবার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে একটি সামরিক যান বিধ্বস্ত হয়ে এক সৈন্য নিহত ও একজন আহত হয়।

স্থানীয় সরকারি কর্মকর্তা সোহেল খান বলেন, আফগান সীমান্তবর্তী বাজাউর জেলার চারগো গ্রামে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে উপজাতি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও তিনজন আহত হয়।

করাচি বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলার পর আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলা থেকে বিদ্রোহীদের ঘাঁটি নির্মূলে পাকিস্তান সামরিক বাহিনী গত জুনে অভিযান শুরু করেছে। উত্তর ওয়াজিরিস্তান জেলাকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র সংগঠনের যোদ্ধাদের ভূস্বর্গ বলা হয়। সূত্র: বিএসএস

এমএ