রাশিয়া মঙ্গলবার বলেছে, মস্কোর ক্রিমিয়াকে অঙ্গীভূত করে নেয়ার জবাবে আগামী জুনে রাশিয়ার সোচি অবকাশ কেন্দ্রে অনুষ্ঠেয় জি-৮ শীর্ষ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত হিতে বিপরীত হবে।
সোমবার জি-৮ভুক্ত দেশগুলোর সাতটি দেশ হেগে এক বৈঠকে রাশিয়াকে বাদ দিয়ে সোচির বদলে ব্রাসেলসে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।
এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা ইতার-তাসকে বলেন, ‘জি-৮ দেশগুলোর সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে বলতে চাই আমরা তাদের জন্য প্রস্তুত রয়েছি। আমাদের তাদের ব্যাপারে আগ্রহ রয়েছে।’
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, ‘তবে সংলাপ অব্যাহত রাখার ক্ষেত্রে অপর রাষ্ট্রগুলোর অনিচ্ছাকে আমরা আমাদের এবং আমাদের সহযোগী উভয়ের জন্যই হিতে বিপরীত হবে বলে মনে করি।’
এদিকে ব্রাসেলসে জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডার নেতারা রাশিয়ার কর্মকাণ্ড গ্রুপের অভিন্ন বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মর্মে একমত হয়ে সোচিতে যোগদানের সিদ্ধান্ত বাতিল করেন।
জি-৭ দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণের কিছু আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার বলেন, জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া হলে তা ‘বড় ট্রাজেডি’ হবে না।
(এএফপি)
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই