ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মলুকু দ্বীপপুঞ্জে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৩। এতে ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কোতা তার্নাতের উত্তর-পশ্চিমে স্থানীয় সময় সকাল ১০টা ৩১মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্র তলদেশের ৪৬ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, সমুদ্র উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
ওই কেন্দ্র আরো জানায়, এ সুনামি ঢেউ ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশের পাশাপাশি ফিলিপাইন, জাপান, তাইওয়ান এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জেও আঘাত হানতে পারে।
কেন্দ্র জানায়, এতে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার সামুদ্রিক ঢেউ ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে আঘাত হানতে পারে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা এ ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছি।’
ফিলিপাইনের সরকারি ভূ-কম্পনবিদ জুলিয়াস গালজিয়ানো জানান, এতে ফিলিপাইনও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।
এমএ





