ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টারও বেশি সময়ের মধ্যে সৌদি হামলায় অন্তত ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদি সৌদি রাজধানী রিয়াদে পৌঁছেছেন।

শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সানার উত্তরে একটি সামরিক ঘাঁটি লক্ষ্যকরে বিমান হামলা চালানোর সময় চার পাশের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এনিয়ে সৌদি নেতৃত্বে হামলা শুরুর পর থেকে কমপক্ষে ৩৯ জন নিহত হলো।

এদিকে এডেন নগরীতে বিদ্রোহীদের ব্যাপক হামলার কারণে হাদি পালিয়ে যেতে বাধ্য হওয়ায় বুধবারের পর তিনি কোথায় ছিলেন সৌদি আরবের কর্মকর্তারা এই প্রথম তা নিশ্চিত করলেন।

সৌদি কর্মকর্তারা আরো জানান, শনিবার এক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য হাদি মিশরে যাবেন।

সৌদি কর্তৃপক্ষ বুধবার রাত থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে। এদিকে ইরান সৌদি আরবের এ পদক্ষেপকে ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছে।

দ্বিতীয় রাতের অভিযানে ইয়েমেনের রাজধানীর বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান ও বন্দর নগরী এডেনের কাছের একটি বিমান ঘাঁটি লক্ষ্যকরে আবারো বিমান হামলা চালানো হয়।

খবরে বলা হয়, সেখানে এ বিমান অভিযানে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়।

এডেনে প্রেসিডেন্ট হাদির অনুগত সৈন্য ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সৌদি আরব জানায়, তারা ইয়েমেনে হাদির ‘বৈধ সরকার রক্ষার’ চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, হাদি গত মাসে রাজধানী সানা থেকে পালিয়ে এডেনে আশ্রয় নেন। হুতি বিদ্রোহীরা গত জানুয়ারি মাসে সানার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই সেখানে তিনি গৃহবন্দি অবস্থায় ছিলেন।

এমএ