ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড-ইন-কমান্ডার নিহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাহসিন ইব্রাহিম জানান, আবদুল রহমান মুস্তফা নামের ওই আইএস নেতা তাল আফার শহরের একটি মসজিদের ভেতরে থাকা অবস্থায় মার্কিন বিমান হামলায় নিহত হন। তিনি আবু আল-আফরি নামে বেশ পরিচিত।
মুখপাত্র আরো জানান, ওই বিমান হামলায় তার সঙ্গে আরো কয়েক ডজন জঙ্গি নিহত হন। সম্প্রতি সপ্তাহগুলোতে বিভিন্ন খবরে বলা হয়, আইএসের অপারেশন প্রধান হিসেবে আল-আফরিকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে নিরপেক্ষ সূত্র থেকে এ সব ঘটনার কোনোটিই নিশ্চিত করা সম্ভব হয়নি। এর আগে আইএসের প্রধান আল-বাগদাদি মার্কিন বিমান হামলায় গুরুতর আহত হয়েছে বলে সংবাদ বের হয়। এ বিষয়টি রহেস্যে আবৃত। (তথ্যসূত্র : বিবিসি)
এমকে





