তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাইলামা মিয়ানমার ও শ্রীলংকার প্রতি মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন। রবিবার ৭৯তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, ‘বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দুই দেশেই সংখ্যালঘু মুসলিমদের ওপর যে নিপীড়ন চলছে তা গ্রহণযোগ্য নয়। আর এ ধরনের অপরাধ সংঘটনের আগে দুটি দেশের বৌদ্ধদেরকেই গৌতম বুদ্ধের অবয়বখানি কল্পনায় অন্তত একবারের জন্য দেখার আহবান জানাই আমি।’

দালাইলামা বলেন ‘গৌতম বুদ্ধ ভালোবাসা ও সহানুভূতির দীক্ষা দিয়েছেন। আজ তিনি বেঁচে থাকলে মুসলিমদের রক্ষার জন্য লড়াই করতেন। অথচ তার ধর্মের অনুসারিরাই মুসলিমদের ওপর নিপীড়ন চালাচ্ছে।’

উত্তর ভারতের লাদাখের লেহতে অবস্থিত বাসভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড গিয়ারও উপস্থিত ছিলেন।
১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে এক ব্যর্থ গণজাগরণের পর দালাইলামা তিব্বত থেকে পালিয়ে ভারত চলে আসেন। এরপর থেকে তিনি ভারতের লাদাখেই বসবাস করছেন। লাদাখ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এলাকা।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই