পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আদিবাসী এক স্কুলছাত্রীকে ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি হিসেবে তিন হাড়ি দেশি মদ জরিমানা করেছে স্থানীয় মোড়ল।   স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বীরভূমে মোহাম্মদ বাজারে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে তিন দুর্বৃত্ত। গতকাল দুপুর ১২টায় ওই ঘটনার বিচারের জন্য সালিশি সভা বসে। শাস্তি হিসেবে ধর্ষকদের তিন হাড়ি দেশি মদ জরিমানা করে গ্রাম্য মোড়ল। পাশাপাশি অভিযুক্তের সঙ্গে আপোষ করার নির্দেশ দেয়া হয় সালিশি সভায়। একইসঙ্গে ধর্ষিতার পরিবারকে  হুমকি দিয়ে বলা হয়, এ ঘটনা পুলিশকে জানালে বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হবে। মোড়লের হুমকি উপেক্ষা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ ওই গ্রামের মোড়লসহ তিন ধর্ষককের গ্রেফতার করে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বীরভূমের লাভপুরে এক মুসলিম তরুণের সঙ্গে প্রেমের শাস্তি হিসেবে এক আদিবাসি তরুণীকে ধর্ষণ করার নির্দেশ দেয় পঞ্চায়েতের মোড়ল। পরে তরুণীকে বাড়ি থেকে তুলে মোড়লসহ ১৩ জন ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে রেখে যায়। এ নিয়ে সারা দেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ভারতের সুপ্রিম কোর্টও চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বতঃপ্রণোদিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দেয়। সূত্র: আইআরআইবি। [b]ঢাকা, ০২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]