এফবিআই প্রধান জেমস কমি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাক করার পিছনে উত্তর কোরিয়াই রয়েছে। হ্যাকারদের এলোমেলো কাজের কারণে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি বলে জানান তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।
গতকাল বুধবার নিউইয়র্কের ফরধাম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সাইবার সিকিউরিটি বিষয়ক এক কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেছেন, জাপানী কোম্পানির আইপি (ইন্টারনেট প্রটোকল) এ্যাড্রেস অনুসরণ করে হ্যাক করেছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা।
তাইওয়ানের একটি হোটেলে বসে এটা করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি এও বলেন, উত্তর কোরিয়ানরা সনি পিকচার্সের ওয়েবসাইটটি হ্যাকে প্রক্সি সার্ভার ব্যবহারের পদ্ধতি খুঁজেছিল বলে প্রমাণ রয়েছে। এ ছাড়া হ্যাকাররা প্রায়ই এলোমেলোভাবে কাজ করেছে ও সার্ভার ব্যবহার করেনি।
গত বছরের নভেম্বর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন না করার হুমকির মধ্যে নির্মাণকারী প্রতিষ্ঠান সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাক হয়। ওই ঘটনার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চলচ্চিত্রটির মুক্তির সিদ্ধান্ত সাময়িকভাবে বাতিল করা হয়।
পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটি মুক্তি দেয় নির্মাতা প্রতিষ্ঠান।
এ হ্যাকের ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তা বরাবরই অস্বীকার করা হয়েছে।
ইআর





