ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লিভান্ট-আইএসআইএল’কে পরাজিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোমবার (৬জুলাই ১৫) পেন্টাগনে এক বক্তৃতায় বারাক ওবামা এমন ঘোষণা দিয়ে বলেন গত ২৪ ঘন্টায় সিরিয়া এবং ইরাকে আইএসআইএলের ১৯টি অবস্থানকে লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে।

ওমাবা বলেন, আমেরিকার নেতৃত্বাধীন কোয়ালিশন ফোর্স সিরিয়া এবং ইরাকের বিশাল অংশজুড়ে অবস্থান নেয়া আইএসআইএল জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করেছে।

আলজাজিরার খবরে বলা হয়, হামলার শিকার ১৯টি স্থানের মধ্যে ইরাকের তেল সমৃদ্ধ শহর বেইজি, ফালুজা, হাদিথা, কিরকুক, মাখমুর, রামাদি ও সিনজার শহরের ১১টি অবস্থানে আইএসআইএলকে লক্ষ্য করে বিমান হামলা চালায় কোয়ালিশন ফোর্স।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় আইএসআইএলের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলার মধ্যে রয়েছে সিরিয়ার হাসাকাহ, রাককা, কোবানি এবং আলেপপো শহরের ৮টি স্থান।

এদিকে, পেন্টাগনে দেয়া সোমবারের বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আরও বলেন, তিনি এই সন্ত্র্রাসী গোষ্ঠীটিকে পরাজিত করার ব্যাপারে খুবই আশাবাদী। মধ্যপ্রাচ্যের স্থানীয় প্রভাবশালীদের সবাই ঐক্যবদ্ধভাবে আইএসআইএলের বিরুদ্ধে একযোগে কাজ করছে বলেও দাবি ওবামার।

এদিকে, কুর্দির পেশমারগা ফোর্সের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয় তারা কিরকুক শহরে ৪০জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা করেছেন।

কুর্দি সেনাদের পক্ষ থেকে আরও বলা হয়, তারা কিরকুক শহরে প্রবেশের আইএসআইএলের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন এবং বেশ কয়েকটি স্থানে আইএসআইএলের হামলা ঠেকিয়ে দিয়েছেন।

কেবি