পাকিস্তানে বিমান বাহিনীর হামলায় অন্তত ৩০ তালেবানের সহযোগী সংগঠনের যোদ্ধা নিহত হয়েছে। বুধবার দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার সিপাহ জেলায় এ হামলা চালানো হয়। খাইবারের দুর্গম পর্বত এলাকায় এই জেলাটি অবস্থিত। খবর ডন ও রয়টার্সের।
নিহত যোদ্ধারা পাকিস্তান তালেবানের সহযোগী সংগঠন লস্কর-ই-ইসলামের সদস্য বলে জানা গেছে। সংগঠনটি চলতি মাসের শুরুর দিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)'র সহযোগী সংগঠন বলে ঘোষণা দেয়।
নিহতদের মধ্যে সংগঠনটির মুখপাত্র সালাহউদ্দিন আইয়ুবীও রয়েছেন বলে জানা গেছে। তবে, এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, পাকিস্তান সীমান্তের ওপারে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১১ পাকিস্তানি তালেবানের সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে তালেবানের ৬ বা ৭ জন ঊর্ধ্বতন নেতাও রয়েছে। এর আগে একই এলাকায় আরেকটি হামলায় অন্তত ৯ তালেবান সদস্য নিহত হয়।
পাকিস্তান ও আফগান তালেবানের বৈশিষ্ট্যগত ধরন মূলত একই। তবে, তারা দু দেশে স্বতন্ত্রভাবে পরিচালিত হয়। পাকিস্তান তালেবানের লক্ষ্য হচ্ছে সরকারের পতন ঘটিয়ে দেশে শরীয়াভিত্তিক ইসলামী শাসনব্যবস্থা চালু করা।
এমএ





