এশিয়ার অন্যতম শক্তি ইরানের সঙ্গে সংঘাতে যাওয়ার ইচ্ছা কোনো দেশের নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার সৌদি আরবসহ ছয় দেশের উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) এক সম্মেলনেএ মন্তব্য করেন ওবামা।

ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র কিংবা জিসিসিভুক্ত কোনো দেশেরই আগ্রহ নেই ইরানের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার।’

মধ্যপ্রাচ্যে সৌদির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির পর রিয়াদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটাতে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরাক-সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানান।সূত্র: এএফপি।

দুদিনের সফরে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সৌদি আরবে এটি ওবামার চতুর্থ এবং প্রেসিডেন্ট হিসেবে সম্ভবত শেষ সফর। প্রেসিডেন্ট হিসেবে ওবামা তার এ শেষ সফরে সৌদি আরবসহ অন্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ওয়াশিংটনের প্রতিশ্রুতির আশ্বাস পুনর্ব্যক্ত করাসহ ওই অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা কমানোর চেষ্টা করছেন।

বৃহস্পতিবার জিসিসি সম্মেলনে যোগ দেন ওবামা। এ সম্মেলনে ইরান গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়। ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলো হল- সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। একমাত্র ওমান ছাড়া বাকি দেশগুলোর ক্ষমতায় সুন্নি সরকার।

জিসিসির অভিযোগ, সংঘর্ষের উস্কানি দিয়ে এবং সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে ইরানের শিয়া সরকার ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠছে।

উদাহরণ হিসেবে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের হস্তক্ষেপের প্রসঙ্গ টানে সংগঠনটি।

যুক্তরাষ্ট্র চাইছে ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমিত হোক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘাতময় পরিস্থিতির অবসান হোক। সেই লক্ষ্যে তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাতে যাওয়ার ইচ্ছা কারও নেই।

বৈঠকে উপস্থিত একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, আইএসের বিরুদ্ধে উপসাগরীয় রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ সহায়তার আহ্বান জানান ওবামা।

তিনি বলেন, 'আমরা ঐক্যবদ্ধভাবে আইএসকে ধ্বংস করব।'

এছাড়া তেলের দাম বৃদ্ধিতে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র জিসিসির সঙ্গে কাজ করবে বলেও অঙ্গীকার করেন ওবামা। ওবামা বলেন, তেলের দাম ন্যায়সঙ্গত করতে উচ্চপর্যায়ের 'ইকোনমিক ডায়ালগ' আয়োজন করা হবে।

এর আগে বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেন ওবামা। হোয়াইট হাউস জানায়, দুই নেতা তাদের ঐতিহাসিক বন্ধুত্ব এবং গভীর কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে, সৌদি আরবের কাছে ক্লাস্টার বোমা বিক্রি বন্ধে ওবামার প্রতি আহ্বান জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংস্থা।

হিউমান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ক্যাম্পেইন এগেইনিস্ট আর্মস ট্রেড এক বিবৃতি এ আহ্বান জানায়। আরব নিউজ জানিয়েছে, সাহারা দখলদারিত্ব বিতর্কে মরক্কোর প্রতি নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করেছে জিসিসি।

এছাড়া হরমুজ প্রণালীতে খাল কাটার প্রকল্প প্রত্যাখ্যান করেছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস)।

 

এমআইএস