ইউক্রেনের সংসদে এক ভাষণে অস্থায়ী প্রেসিডেন্ট তুরচিনভ বলেছেন বিচ্ছিন্নতাবাদি তৎপরতা একটি মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।
তুরচিনভ বলেন, বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে কথা বলবেন।
রুশপন্থি প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে উৎখাতের পর থেকেই ক্রাইমিয়া এবং পূর্বের রুশ ভাষাভাষী অঞ্চলগুলোতে পাল্টা বিক্ষোভ চলছে।
জাতিগত পরিচয়ের ভিত্তিতে ইউক্রেন ভাগ হয়ে যেতে পারে এরকম ধারণাও বহু বিশ্লেষক করছেন।
রাশিয়া সামরিক ব্যবস্থা নেয় কিনা তা নিয়ে গত কদিন ধরেই এমনকি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ চলছে।
তবে মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ বলেছেন রাশিয়া ইউক্রেনে হস্তক্ষেপ করবে না। তবে সঙ্গে সঙ্গে তিনি এমন হুশিয়ারীও দিয়েছেন অন্য দেশগুলোরও কোতোভাবেই উচিত হবে না ইউক্রেনের পরিস্থতি কাজে লাগিয়ে নিজিদের উদ্দেশ্য হাসিল করা।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন,"বাইরের দেশগুলো যদি ইউক্রেনকে নিয়ে দলাদলির চেষ্টা করে তা খুবই বিপজ্জনক হবে। হিতে বিপরীত হবে। রাশিয়া চায় ইউক্রেন বৃহত্তর ইউরোপের অংশ হিসাবেই থাক।”
যে সহিংস গণবিক্ষোভের ভেতর দিয়ে ইউক্রেনের রাজনীতি রাতারাতি পাল্টে গেল তার শুরুই হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশ্নে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের আপত্তিকে কেন্দ্র করে।
আর ইউক্রেনের নতুন অস্থায়ী সরকারকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক সাহায্যের আশ্বাস দেয়া হচ্ছে, সেটাকে ইঙ্গিত করেই পরোক্ষ এই হুমকি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
তবে লাবরভ কূটনৈতিক ভাষা ব্যবহার করলেও, রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভিয়েদেভ ইউক্রেনের অস্থায়ী সরকারের পেছনে যারা আছে তারা সশস্ত্র বিদ্রোহ করেছে।
তবে রাশিয়ার কাছ থেকে হুমকি থাকা সত্ত্বেও, ইউক্রেনের নতুন সরকারকে সমর্থন দিতে কোনো রাখঢাক করছে না পশ্চিমা দেশগুলো।
ইইউ-এর বিদেশ নীতির প্রধান ক্যাথরিন আ্যশ্টন গতকাল থেকে কিয়েভে আছেন। আজ তার সঙ্গে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম বার্নস।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি, ফরাসী প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর রুশ প্রেসিডেন্ট পুতিনকে চিঠি লিখেছেন তিনি যেন ইউক্রেনের ক্ষমতার একটি শান্তিপূর্ণ পালাবদলে সাহায্য করেন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]