মাত্র ২৯ দিনের জন্য প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে পাকিস্তান। সোমবার শপথ গ্রহণ করেছেন তিনি। অবসরে যাবেন ৯ সেপ্টেম্বর। এরপর আবার নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে।
পাকিস্তানের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিয়েছেন বিচারপতি জাওয়াদ এস খাজা। তিনি বিচারপতি নাসিরুল মুলকের স্থলাভিষিক্ত হলেন।
ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন সোমবার নতুন প্রধান বিচারপতি হিসেবে খাজাকে শপথ পড়ান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আরো ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
৯ সেপ্টেম্বর খাজার অবসরের পর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি হবেন আনোয়ার জহির জামালি।
এএইচ





