গুজরাট দাঙ্গার ব্যাপারে মুখ খুলেছেন এবার স্বয়ং নরেন্দ্র মোদী নিজেই। তিনি দাবি করেছেন, দাঙ্গার ব্যাপারে তিনি কখনোই নীরব ছিলেন না। কিন্তু কেউই 'সত্য বিষয়টা উপলব্ধি' করতে চায় না বলে অভিযোগ করেন তিনি। সব কিছুকেই তিনি একটি 'ষড়যন্ত্র' বলে মনে করছেন। বুধবার তিনি এ ব্যাপারে কথা বলেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
বুধবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, "আমি কখনোই নীরব ছিলাম না। সেই ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আমি সাংবাদিকদের কাছে জানতে চেয়েছি এ ব্যাপারে। তারা আমার ব্যাপারে মন্তব্য করেন, কিন্তু সত্যটা বুঝতে চান না। এটি ছিল একটি ষড়যন্ত্র, যা কারোও জানা নেই।"
উল্লেখ্য, ২০০২ সালে মুম্বাইয়ে ভয়াবহ দাঙ্গা সংঘটিত হয়। দাঙ্গায় মুসলমানদের উপর ভয়ানকভাবে হামলা চালায় হিন্দু দাঙ্গাবাজরা। এতে এক হাজারেরও বেশি মুসলিম নিহত হন। দাঙ্গার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দাঙ্গার ব্যাপারে জেনেও তা থামানোর ব্যাপারে কোন ব্যবস্থা নেননি। বরং দাঙ্গায় তিনি ইন্ধন যুগিয়েছেন।
তবে, মোদী অবশ্য তার দায়ভার স্বীকার করেননি। বরং সবসময় তিনি ব্যাপারটি এড়িয়ে গেছেন। এবার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারো বিষয়টি আলোচনায় উঠে আসে। কেননা, এবার তিনি উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হয়েছেন। ধারণা করা হচ্ছে, নির্বাচনে তার দল এবং জোট জয়লাভ করবে এবং তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]