রাশিয়ার বিরোধীনেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী বোরিস নেমৎসভের শোক মিছিলে অংশ নিতে মস্কোয় জড়ো হচ্ছেন হাজারো জনতা।

বিবিসির সংবাদের জানানো হয়, রাজধানীতে শুক্রবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দলে দলে যোগ দিচ্ছেন সরকারবিরোধীরা। সবার হাতে জাতীয় পতাকা, প্লাকার্ড কিংবা ফুল দেখা যাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী মস্কো মিছিলে ৫০ হাজার মানুষের সমাবেত হওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু সূত্র জানায়, এই মিছিলে যোগ দেবেন আরও অনেক মানুষ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার মস্কো মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বোরিসের। কিন্তু ক্রেমলিনের এই সমালোচক দু'দিন আগে রাজধানীর গ্রেট মস্কোভরেৎস্কি ব্রিজে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বিবিসি জানিয়েছে, ক্রেমলিনের খুব কাছেই বিরোধীরা আজ একত্রিত হচ্ছেন। সেখান থেকে মস্কো মিছিলটি ওই ব্রিজে গিয়ে থামবে, যেখানে বোরিসকে হত্যা করা হয়।

উল্লেখ্য, বোরিসের এই হত্যাকাণ্ডকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে বিরোধীরা। বোরিস ক্রেমলিনের কড়া সমালোচক ছিলেন। তিনি ইউক্রেন ইস্যুতেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেয়া নীতির নিন্দা জানিয়ে আসছিলেন।

এদিকে পুতিনও বোরিসের মৃত্যুতে শোক জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পুতিন বলেছেন, এটা এক ‘জঘন্য ও বর্বর’ হত্যাকাণ্ড। খুনীদের গ্রেফতারে সরকার চেষ্টার কমতি করছে না বলেও জানান তিনি।

কেএইচ