ইউরোপের দেশ বুলগেরিয়ায় বেশ ঘটা করেই উদযাপিত হলো ইরানের ইসলামী বিপ্লবের বার্ষিকী। দেশটির রাজধানী সোফিয়াতে অবস্থিত ইরানের দূতাবাসে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে শত শত বুলগেরীয় নাগরিকও উপস্থিত ছিলেন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

ইরানের ইসলামী বিপ্লবের ৩৬তম বার্ষিকী পালন করতে সোফিয়ার ইরানি দূতাবাসের পক্ষ থেকে নেয়া হয় এক বিশেষ উদ্যোগ। সেখানে ইরানের ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ইরানের ঐতিহ্যবাহী বাদ্য-বাজনা দিয়ে গান পরিবেশন করে বামদাদ নামের একটি সংগীত গ্রুপ। প্রায় দু ঘণ্টার এ সংগীতানুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করে রাখে বামদাদ। বামদাদের প্রধান শিল্পী হলেন কাজিম একরেমি।

বুলগেরিয়ার ইরানি দূতাবাসের কালচারাল অ্যাটাচে মোহাম্মদ আলী কিয়ানি এ ব্যাপারে বলেন, "১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খোমেনীর নেতৃত্বে এক মহা বিপ্লব ঘটে ইরানে। এই দিনটিকে আমরা সরকারি ছুটির দিন হিসেবে পালন করি। এদিন আমরা বিপ্লবের শহীদ ব্যক্তিদের ত্যাগের কথা স্মরণ করি। ৩৬ বছর আগে এই বিপ্লব ঘটলেও তা আমাদের হৃদয় থেকে মুছে যায়নি। বুলগেরিয়ার প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আয়োজনে সহায়তা করায়।" এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এমএ