ইরাকে বিমান হামলার জন্য ব্রিটিশ পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। শুক্রবার এক ভোটাভুটিতে হামলার পক্ষে ভোট পড়ে ৫২৪টি। আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৪৩টি। এর ফলে ইরাকে মার্কিন বাহিনীর পাশাপাশি এখন ব্রিটেনও বিমান হামলা শুরু করবে। তবে, ব্রিটেন কেবল ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-এর অবস্থানে হামলা চালাবে। আগামী রোববার ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সকে ইরাকে আইএস-এর অবস্থানে হামলার জন্য পাঠানো হতে পারে। খবর বিবিসি'র।
শুক্রবার ইরাকে হামলার প্রস্তাবটি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ৭ ঘণ্টার এক দীর্ঘ বিতর্ক হয়। এরপর পার্লামেন্ট সদস্যরা এটি ভোটে অনুমোদন দেন। কনজারভেটিভ, লিবারেল ডেমোক্রেটিকস, লেবার পার্টির প্রায় সব সদস্যই প্রস্তাবটির পক্ষে ভোট দেন। তবে, ধারণা করা হচ্ছে লেবার পার্টির ২৪ জন এমপিসহ অন্যান্য দলের আরো বেশ কয়েকজন এমপি এর বিরোধিতা করেছেন। তাদের যুক্তি হচ্ছে, ইরাকে হামলা ভবিষ্যতে সিরিয়াতেও হস্তক্ষেপ করতে হতে পারে।
তবে, ব্রিটিশ প্রতিরক্ষা সচিব মিচেল ফ্যালন বিবিসিকে জানিয়েছেন, অনুমোদনটি বাস্তবায়ন করতে আরও অপেক্ষা করতে হবে। ব্রিটেন খুব শীঘ্রই 'লাগাতার হামলায়' যাচ্ছে না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ইরাকে নিরীহ লোকজনকে বাঁচানোই হবে ব্রিটেনের অগ্রাধিকারমূলক কাজ। ইরাকের সরকারি ও কুর্দি গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতেই আইএস-এর অবস্থানগুলোতে হামলা চালানো হবে।
প্রস্তাবটি পাশের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এমপিদেরকে জানান যে, আইএস-কে দমন করতে ইরাক সরকার তাদেরকে আহবান জানিয়েছে। তাই, নৃশংস এই 'সন্ত্রাসী সংগঠনকে' নিরস্ত করতে সেখানে হামলা চালানোটা একটা 'নৈতিক ও আইনগত দায়িত্ব' হয়ে দাড়িয়েছে। সূত্র: বিবিসি
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





