ভারতের কেরলের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দির থেকে খোওয়া গেল ৭৬৯টি সোনার পাত্র। যার দাম আনুমানিক ১৮৬ কোটি টাকা। মন্দিরের সম্পত্তির হিসেবের জন্য প্রাক্তন সি এ জি বিনোদ রাইকে দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিনোদ রাইয়ের রিপোর্টেই ৭৭৬ কিলোগ্রাম সোনা না পাওয়ার খবর উঠে এসেছে। এই সোনার হদিশ পেতে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়েছেন রাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন একটি বেঞ্চ খুব শিগগিরই বিষয়টি নিয়ে রাইয়ের সঙ্গে কথা বলবেন। সোনার পাত্রগুলিতে নম্বর দেওয়া ছিল।
২০০২ সাল পর্যন্ত ১ থেকে ১০০০ নম্বরের পাত্র ছিল। ২০০২ সালের পর থেকে পাত্রগুলোর নম্বর ১০০০–এর পর। রাই জানিয়েছেন, ২০১১ সালের ১ এপ্রিলে পাত্রের গায়ের নম্বর ছিল ‘১৯৮৮’। তার মানে মোট পাত্রের সংখ্যা ১৯৮৮টি। এর মধ্যে গয়না তৈরির জন্য ৮২২টি পাত্র গলানো হয়। এখন পড়ে রয়েছে মাত্র ৩৯৭টি। ৭৬৯টি পাত্রের হদিশ নেই। অনেকগুলো পাত্রের ছবিও পাওয়া যাচ্ছে না।
রাই জানিয়েছেন, মন্দিরের প্রশাসনিক কমিটি দুর্বল। এর বদলে তিনি সরকারের সচিব পর্যায়ের কোনও আমলা, কেরলের রাজস্ব দপ্তরের প্রতিনিধি এবং ত্রিবাঙ্কুরের রাজ পরিবারের প্রতিনিধিকে রেখে নতুন কমিটি গড়তে পরামর্শ দিয়েছেন।

ইআর