ফিলিপাইনের সহিংসতা কবলিত দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী এক বাসে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। হামলার ঘটনাটি মঙ্গলবার ঘটেছে বলে জানা গেছে। তবে, বুধবার এ খবর জানিয়েছে আল জাজিরা। হামলায় আরো অন্তত ২১ জন আহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের মারামাগ শহরের মধ্য দিয়ে বাসটি চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসটিতে করে এ সময় স্কুল শিক্ষার্থীরা যাচ্ছিল বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ক্রিস্টিয়ান উই। হতাহতদের বেশিরভাগই স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছেন তিনি।
মারামাগ এলাকার সেনাবাহিনীর ইউনিটের মুখপাত্র লেফটেনেন্ট নরম্যান ট্যাগরোস জানান, বাসটিতে স্কুলশিক্ষার্থীরা উঠার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি বস্তায় করে বোমাটি সিটের উপরে ব্যাগ রাখার র্যাকে রাখা ছিল।
উল্লেখ্য, মারামাগ শহরটি খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশটিতে প্রায়ই সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় মুসলিম স্বাধীনতাকামী সংগঠনগুলো। মুসলিম সশস্ত্র গ্রুপগুলো মিন্দানাওতে একটি শরীয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত। এরই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের মালিকানাধীন রুরাল ট্রানজিট কোম্পানির এই বাসটিতে হামলা হলো সর্বশেষ এ ধরনের হামলা।
গত মাসে মিন্দানাওতে রুরাল ট্রানজিট কোম্পানিরই আরেকটি বাসে বোমা হামালায় ৪ জন আহত হন। এর আগে ২০১০ সালে মিন্দানাওতে একই কোম্পানির বাসে এক বোমা হামলায় ১০ জন নিহত হন।
এমএ





