নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার সকালে তিনি ইসলামাবাদ বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন বলে জানিয়েছে ডন অনলাইন। সোমবার সন্ধ্যায় শপথ নিবেন নরেন্দ্র মোদী। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ কয়েক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সার্কভূক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার মাধ্যমে একটি ইতিহাস হতে যাচ্ছে। এই প্রথম দু'দেশের মধ্যে কোন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অন্য দেশের প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দু'দেশের সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে গতকাল পাকিস্তানে আটক ১৫১ জন ভারতীয় বন্দীকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন নওয়াজ শরীফ। সূত্র: ডন অনলাইন [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]