রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। এদিন রাতে খালেদা জিয়ার নিজ বাসভবনে বৈঠক হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন চীনের ওয়াং আই। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।
কূটনৈতিক সূত্রে জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর উভয় দেশেই কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও প্রাধান্য পাবে আলোচনায়।
গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তিগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
কেএইচ





