ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি বলেছেন, ‘আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, যারাই আইএসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে প্রত্যেককে কঠিন মূল্য দিতে হবে।’
‘আন্তর্জাতিক জোটগুলোর বিমান হামলা আমাদের আরো দৃঢ়প্রত্যয়ী এবং সংকল্পকে গতিশীল করবে।’ শনিবার প্রকাশিত এক নতুন অডিওবার্তায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি সুন্নি দেশ নিয়ে গঠিত হওয়া আরব জোটের কঠোর সমালোচনা করে ২৪ মিনিটের এই অডিওবার্তায় বাগদাদি বলেন, ‘সৌদি জোট সত্যিই যদি ইসলামিক মতাদর্শের হয়, তাহলে তারা সিরিয়ার সেনাবাহিনী, রাশিয়ার ‘প্রভুদের’ এবং শিয়া ও ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে।’
গত মে মাসের পর এই প্রথমবার তিনি অডিওবার্তার মাধ্যমে নিজের অবস্থান জানান দিলেন। এতে তিনি বলেন, ‘মার্কিন নেতৃত্বাধীন সিরিয়ার বিদ্রোহী এবং আন্তর্জাতিক জোট যতই বিমান হামলা করুক আমাদেরকে আরো দৃঢ়প্রত্যয়ী করে তুলবে।’
এরই মধ্যে সিরিয়ান কুর্দি ও আরব খ্রিষ্টান গ্রুপ আইএসের দখলে থাকা ইউফ্রেতিস নদীর সবচেয়ে বড় ড্যাম পুনর্দখল করে নিয়েছে।
সিরিয়ান ডেকোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এ সপ্তাহে ঘোষণা দিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলের আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটির মধ্যকার সব ধরনের সরবরাহ লাইন কেটে দেওয়া হবে। এসডিএফ শনিবার তিশরিন ড্যামটি দখলে নিয়ে নেয়। এই ড্যাম থেকেই উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
এসডিএফরের মুখপাত্র বার্তা সংস্থা এপিকে গত শনিবার বলেছেন, আইএসের গুরুত্বর্পর্ণ ঘাঁটি ও তাদের রাজধানী রাক্কা এবং উত্তরের মানবিজ অঞ্চলের মধ্যকার সরবরাহ লাইন কেটে ফেলার চেষ্টা করছে আমাদের যোদ্ধারা।
এসডিএফের নেতৃত্বে রয়েছে শক্তিশালী কুর্দিশ মিলিশিয়া বা পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি)। আইএসের সঙ্গে লড়াইয়ে এটি সবচেয়ে শক্তিশালী গ্রুপ।
ইতিমধ্যে আইএস সিরিয়া ও ইরাকের নিজেদের দখলে থাকা বিভিন্ন অঞ্চলে দুর্বল হতে শুরু করেছে। এরই মধ্যে তারা গত মাসে ইরাকের সিনজার শহরে পরাবজয় বরণ করে। ইরাকি বাহিনী আইএসের দখলে থাকা গুরুত্বপূর্ণ শহর রামাদি দখলে অনেকটা অগ্রসর হয়ে গেছে।
এছাড়া রাশিয়া ও যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলায় সিরিয়ায় আইএসের দখলে থাকা তেলক্ষেত্রগুলো ধ্বংস হয়ে গেছে; নিহত হয়েছে বিপুলসংখ্যক আইএস যোদ্ধা।
চারদিক থেকে আইএসের জন্য একের পর এক দুঃসংবাদ আসতে থাকার মধ্যেই বাগদাদি এমন একটি অডিওবার্তা প্রকাশ করলেন।
বাগদাদি বলেন, ‘সমগ্র বিশ্ব আজ আমাদের উম্মাহর (মুসলিম জাতি) বিরুদ্ধে একাত্ম হয়ে যুদ্ধে লিপ্ত রয়েছে।
এই যুদ্ধ মুসলিমদের বিরুদ্ধে অবিশ্বাসীদের যুদ্ধ। মার্কিন জোট আমাদের ভয় দেখিয়ে কিছু করতে পারবে না। তারা আমাদের সংকল্পকে ফাটল ধরাতে পারবে না। কারণ আমরা যেকোনো পরিস্থিতিতেই জয়লাভ করতে পারি।’
যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বগদাদি বলেন, ‘তারা আমাদের ভূমিতে কখনোই আসতে পারবে না। কারণ দুর্বল হৃদয়ের তাদের সেনারা আমাদের মুজাহিদদের ভয় পায়। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আমাদের ধ্বংস করার যে স্বপ্ন দেখছে, তা পূরণ হবে না।’
অডিওবার্তায় বাগদাদি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, যারাই আইএসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে প্রত্যেককে কঠিন মূল্য দিতে হবে।’
ইসরাইলকে হুমকি দিয়ে বাগদাদি বলেন, ‘ইসরাইল, আমরা তোমাদেরও ভুলে যাইনি। আমরা তোমাদের খুব কাছাকাছি চলে এসেছি। ইহুদিরা, তোমরা গাছ ও পাথরের আড়ালে পালাবে।’
আইএসের পক্ষে লড়াইয়ে মুসলিম বিশ্বের দেশগুলোকে আহ্বান জানান তিনি। বাগদাদির এ অডিওবার্তার সত্যতা নিয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
তবে এটি বরাবরের মতো আইএসের ওয়েবসাইট ও টুইটারে প্রকাশ করা হয়েছে। অডিওটি নির্মিত হয় আইএসের গণমাধ্যম শাখা আল ফারুক মিডিয়া ফাউন্ডেশন থেকে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এসএইচ





