সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
প্রিন্স সৌদ আল-ফয়সালের পরিবারের সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চল্লিশ বছর ধরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাদশা সালমান ক্ষমতাগ্রহণ করলে গত এপ্রিলে তিনি পদত্যাগ করেন।
এরপর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান আদেল বিন আহমেদ আল-জুবায়ের।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রিন্স সৌদি আল-ফয়সাল বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন। সৌদি আরবের প্রায় অর্ধ শতাব্দীর শীর্ষ কূটনীতিক হিসেবে তিনি দেশটির পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ফয়সালের মৃত্যুর খবর জানিয়ে তার ভাতিজা সৌদ মুহাম্মাদ আব্দুল্লাহ আল-ফয়সাল টুইটার বার্তায় বলেছেন, ‘আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে ফয়সাল মারা গেছেন। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
সৌদি রাজ পরিবারের এ সদস্যকে ১৯৭৫ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু গত ২৯ এপ্রিল এক ফরমান বলে রাজা সালমান বিন আবদুল আজিজ ফয়সালের জায়গায় জুবায়েরকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
তার আগে জুবায়ের আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
এমআর





