কাশ্মীর ইস্যুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব দিনদিন প্রকট হচ্ছে।

সীমান্ত এলাকায় দুদেশের মধ্যে সংঘর্ষ বেড়েই চলছে। আর এ নিয়েই এবার ওয়াশিংটনে গলা চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

সীমান্তে আগ্রাসন বন্ধ না করলে পাকিস্তান ভারতে হামলা চালাতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

শুক্রবার ওয়াশিংটনের মার্কিন পিস সেন্টারে বক্তব্য রাখার সময় নওয়াজ শরিফ এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভারত তার অস্ত্রভাণ্ডারে একের পর এক অস্ত্র এনে সামরিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। এনএসএ সম্মেলন বাতিল করার পর ভারত বিশ্বের অন্যতম কিছু শক্তির সাহায্যে অস্ত্র ভাণ্ডার বাড়িয়েছে।

সামরিক শক্তিকে নিজেকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে ভারতকে প্রতিহত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’ এছাড়া গত আগস্টে উভয় দেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর থেকে ভারত কাশ্মীর সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা হয় নওয়াজের। সেখানে ভারতকে নিয়ে পাকিস্তানের পরিস্থিতি বোঝার জন্য ওবামাকে আবেদন জানান তিনি।

তবে পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে পাকিস্তান যাতে আর না আগায় সেদিকে নজর দিতে বলেছেন ওবামা। পরমাণু অস্ত্রের অগ্রগতি পাকিস্তানের জন্য ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, জঙ্গিগ্রুপ লস্কর-ই তৈয়বার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেও পরামর্শ দিয়েছেন ওবামা।

এসএইচ