ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে অংশীদারিত্ব উন্নয়ন বিভাগের পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় তাকে ‘বাধ্যতামূলক নজরদারিতে’ রেখেছে।

গণমাধ্যমে দেওয়া দেবযানীর এক বিবৃতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, খোবরাগাড়ে এ ধরনের বিবৃতি দেওয়ার আগে কোনো অনুমতি নেয়নি।

এদিকে, দেবযানীর সন্তানদের মার্কিন পাসপোর্ট থাকার বিষয়টি না জানানোর জন্য মন্ত্রণালয় তার ওপর ‘বিরক্ত’ হয়েও এই প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বলে সূত্র জানিয়েছে।

১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া দেবযানীর দুই সন্তান রয়েছে। গত বছরের ডিসেম্বর গৃহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার ও তার ভিসা আবেদনে ভুল তথ্য দেওয়ার অভিযোগে দেবযানীকে নিউইয়র্কে গ্রেফতার করা হয়। এমনকি তাকে বিবস্ত্র করে তল্লাশিও চালানো হয়। এ ঘটনার পর ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

ভারত দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। পরে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়।

সূত্র : এনডিটিভি

জেএ