রোববার (৩০ আগস্ট) সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে জানানো হয়, বন্যাকবলিত বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর বন্যায় নেপালের কয়েকটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক এবং সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে। সাম্প্রতিক এ বন্যাকে নেপালের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের খোঁজ এখনও পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানি ও মাল্টার চারজন করে, যুক্তরাষ্ট্রের তিনজন এবং ইতালি, রাশিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও তুরস্কের দুজন করে নাগরিক রয়েছেন। এছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে। আরও ২১ জন উদ্ধার ব্যক্তির জাতীয়তা বা পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয় প্রশাসনের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে।
এনএইচ