থাইল্যান্ডের সাম্প্রতিক নির্বাচন বাতিল এবং প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিরোধীদল।
বিরোধী ডেমোক্র্যাট পার্টির একজন আইনজীবী দেশটির সাংবিধানিক আদালতে এ ব্যাপারে একটি আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার আদালতে আবেদন করার পর বিরাট কালাইয়াসিরি নামক ওই আইনজীবী সাংবাদিকদের বলেছেন, তিনি এ সংক্রান্ত যে আবেদন করেছেন তা গ্রহণ করা হবে কি-না, আদালত পরে তা জানাবে।
তিনি জানান, ক্ষমতাসীন পিউ থাই পার্টির পাশাপাশি এর শীর্ষ নেতাদের পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে গত রোববারের মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করেছিলেন। কিন্তু বিরোধীদল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল থাকে এবং নির্বাচন বয়কট করে। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে অনির্বাচিত ‘গণ পরিষদের’ কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের হাতে যথেষ্ট ক্ষমতা থাকায় বিরোধীদলের আজকের আবেদনের পরিপ্রেক্ষিতে এটি কী সিদ্ধান্ত দেয় সেটিই এখন দেখার বিষয়। এর আগে ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত্রার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল থাইল্যান্ডের সেনাবাহিনী। এবার তার বোনকে ‘বিচার বিভাগীয়’ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হতে হয় কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন থাই পর্যবেক্ষকরা।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই