ইউক্রেনের পূর্বাঞ্চলে গত ২৪ ঘন্টার অস্থিরতায় চার সৈন্য নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। শনিবার কিয়েভের নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান।

গভর্নরের দপ্তর জানায়, শুক্রবার লুগানস্কের পূর্বাঞ্চলে ৬০ বছর বয়সের একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

ইউক্রেন বাহিনী দেশের পূর্বাঞ্চলের ভূ-খন্ড উদ্ধারে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে।

জাতিসংঘ জানায়, গত সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে একটি অস্ত্র বিরতি চুক্তি হলেও সেখানে যুদ্ধ বন্ধ হয়নি।

ইউক্রেনের নতুন জোট সরকার শুক্রবার ন্যাটোর সঙ্গে যোগ দেয়ার অগ্রাধিকারের কথা ঘোষণা করে। ইউক্রেনের এ ধরনের পদক্ষেপে রাশিয়ার ক্রোধ আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়া বরাবর ইউক্রেনের বিদ্রোহীদের সমর্থনের কথা অস্বীকার করে আসছে।

অস্ত্র বিরতি স্বাক্ষরের পর এই প্রথমবারের মতো ইউক্রেনের ভূ-খন্ডে গোলা বর্ষণের ঘটনায় শুক্রবার দেশটির সামরিক বাহিনী রাশিয়াকে দায়ী করে।

এমএ