নতুন করে পাঁচদিনের অস্ত্র বিরতি ঘোষণার পরই বৃহস্পতিবার গাজায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নতুন অস্ত্র বিরতি চুক্তি অকার্যকর হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজা ও ইসরাইলের আকাশ প্রায় তিনদিন শান্ত থাকার পর সেখানে আবারো পাল্টা পাল্টা হামলা শুরু হলো।

এই পাল্টাপাল্টি হামলার ফলে আশংকা করা হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে ঘোষিত নতুন অস্ত্র বিরতি চুক্তি শিগগিরই ভেঙ্গে যেতে পারে।

ইসরাইলে হামাসের রকেট হামলা বন্ধে গত ৮ জুলাই অভিযান শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এক হাজার ৯৫০ জন ফিলিস্তিনি এবং ৬৭ জন ইসরাইলি নাগরিক নিহত হয়।

ফিলিস্তিনি নাগরিকরা জানান, কয়েকদিন ধরে দৌঁড়ঝাপের কূটনীতির ফলে মিশরে পাঁচদিনের অস্ত্র বিরতি চুক্তিতে পৌঁছা সম্ভব হয়েছে। এ সংঘাতে ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে বেশি সময়ের অস্ত্র বিরতি চুক্তি। তবে দু’পক্ষকে পৃথক করা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য আরো অনেক সময় প্রয়োজন।

ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মধ্যরাত থেকে কার্যকর নতুন অস্ত্র বিরতি চুক্তি কার্যকর হওয়ার মাত্র ৩০ মিনিট পরই গাজায় চার দফা বিমান হামলা চালানো হয়।
তবে, ইসরাইল দাবি করেছে, বুধবার রাতে গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে আট দফা রকেট হামলা চালানো হয়। এসবের মধ্যে ছয়টি রকেট ফাঁকা জায়গায় আঘাত হানে। সূত্র: বিএসএস

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ