মিশরের রাজধানী কায়রোর মধ্যাঞ্চলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক বোমা বিস্ফোরণে দুই পুলিশ ও দুই বেসামরিক লোক নিহত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নীল নদের তীরবর্তী জনাকীর্ণ একটি এলাকায় রোববার এ বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় টেলিভিশনের সদরদপ্তর অবস্থিত। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। খবর এএফপি’র।

টেলিভিশনে সরাসরি বিস্ফোরণের পরবর্তী অবস্থা দেখানো হয়। বিস্ফোরণে একটি গাছ উপড়ে কাছের একটি গাড়ির উপর পড়ে যায়। প্রশিক্ষিত কুকুরসহ পুলিশ সদস্যরা আরো বোমার খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

২০১৩ সালের জুলাই মাসে সেনাবাহিনী দেশটির সাবেক প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বন্দুকধারীরা প্রায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে আসছে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ