অবশেষে দীর্ঘ টানাপড়েন শেষে কালোটাকা জমাকারীদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে দিল ভারতের কেন্দ্র সরকার।
আজ(বুধবার) শীর্ষ আদালতে কালো টাকা ইস্যুতে বিস্তারিত তথ্যসহ ৬২৭ জনের নামের তালিকা দিয়েছে কেন্দ্র।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা কালো টাকা নিয়ে কেন্দ্রের গড়িমসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান বিচারপতি এইচএলদাত্তু এটর্নি জেনারেল মুকুল রোহাতোগিকে প্রশ্ন করেন, "যাদের বিদেশি ব্যাংকে একাউন্ট আছে তাদেরকে আপনারা আগলে রাখে চাইছেন কেন? আপনারা কেন ওইসব ব্যক্তিদের একটি নিরাপদ ছাতার তলায় রাখতে চাইছেন?"
কালোটাকা নিয়ে আদালতের আগের দেয়া রায়ের কিছু অদলবদল চেয়ে সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। এই আবেদনের ভিত্তিতেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচএলদাত্তু।
এটর্নি জেনারেল আদালতে জানান, সরকারের কাছে বিদেশের ব্যাঙ্কে টাকা জমাকারীদের ৫০০ জনের নাম আছে। সম্পূর্ণ তদন্ত শেষ হলেই ওই ব্যক্তিদের নাম প্রকাশ করার অনুমতি দেয়া হোক। কিন্তু সরকারের এই আবেদন তৎক্ষণাৎ খারিজ করে দেন প্রধান বিচারপতি দাত্তু, বিচারপতি রঞ্জনা দেশাই, ও বিচারপতি মদন বি লোকুরের বেঞ্চ।
শুধু তাই নয়, প্রধান বিচারপতি বলেন, ‘যদি সরকারকে ওই তদন্ত করতে দেয়া হয়, তবে তাঁর জীবদ্দশায় সেই তদন্ত শেষ হবে না।’ তিনি সাফ জানিয়ে দেন, ‘আপনাদের ওই তদন্ত শেষ করতে হবে না।’ অন্য দু’জন বিচারপতি বলেন, ‘আপনারা এতদিন কিছুই করেননি। এবার শুধু আমাদের ব্যাঙ্ক একাউন্ট হোল্ডারদের নাম দিন। আমরাই তদন্তের বিষয়ে যথাযথ নির্দেশ দিয়ে দেব।’
বস্তুত কেন্দ্রীয় সরকারের পক্ষে এটর্নি জেনারেল নানাভাবে এই বিষয়ে আবেদন নিবেদন করলেও তাতে কান দেননি বিচারপতিরা।
এজি’র মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আদালত নির্দেশ দেয় বুধবারই যেন বিদেশে কালো টাকা গচ্ছিতকারীদের নাম মুখবন্ধ করা খামে করে জমা দেয়া হয়। এভাবে কার্যত সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করার পর আজ বুধবার ৬২৭ জনের নামের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিয়েছে কেন্দ্র।
সাবেক ইউপিএ সরকারের আমলে কালো টাকা ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছিল বিজেপি। এখন কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই ইস্যু নিয়ে গড়িমসি করায় বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপিকে ক্রমাগত সমালোচনা করে যাচ্ছে। সেই সাথে আদালতের ভর্ৎসনাও শুনতে হচ্ছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ সরকারকে।
ইআর





